বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বিরতিহীনভাবে চকরিয়া ও পেকুয়া এলাকায় নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
শনিবার (৩১ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার ৮ম দিনে তিনি চকরিয়া পৌরসভা এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগের শুরুতে তিনি চকরিয়া পৌরসভা এলাকার প্রখ্যাত আলেম মরহুম মাওলানা মাহমুদুর রহমানের কবর জিয়ারত করেন। এরপর পৌরসভার বিমানবন্দর পাড়া, জালিয়া পাড়া, হিন্দুপাড়া, আমাইন্নারচর, হালকাকারাসহ বেশ কয়েকটি ওয়ার্ডে গণসংযোগ করেন। তার গণসংযোগে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। এ সময় সালাহউদ্দিন আহমদ সকলের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
পরে চকরিয়া পৌরসভার কাজীপাড়ায় গণসংযোগকালে আয়োজিত পথসভায় সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। আপনারা দয়া করে ধানের শীষে ভোট দিলে এবার বাংলাদেশে এমন একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যাতে আর কোনোদিন আমাদের ভোটাধিকার কেউ হরণ করতে না পারে। কোনোভাবেই গণতান্ত্রিক ও মানবাধিকার হরণ করা যাবে না।”
তিনি আরও বলেন, “একটি বৈষম্যহীন সমাজ ও প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়ে ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করেছে। ভবিষ্যতে যেন আর কখনো ভোটাধিকার আদায়ে রক্ত দিতে না হয়, সেজন্য এবার আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে—বাংলাদেশের পক্ষের শক্তির পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে।”
সালাহউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং উন্নয়নের পরীক্ষিত দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শিক্ষা, নারী উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় বিএনপি গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে ইনশাআল্লাহ আমরা শান্তি, নিরাপত্তা, সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।”
এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ফখরুদ্দীন ফরায়জী, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসইউ/আরএন