দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টর ও অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এসএসসি পরিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১২ জানুয়ারী) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের দক্ষিন নগর ক্লাবের মোড় নামক স্থানে এই ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুরের চিরিরবন্দর থেকে ইটবোঝাই একটি ট্রাক্টর বিন্নাকুড়ি বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে বিন্নাকুড়ি বাজারে দুপুরের খাবার শেষে কয়েকজন বন্ধু অটোচার্জারযোগে চিরিরবন্দরে ফিরছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে ট্রাক্টর ও অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোচার্জারটি দুমড়ে-মুচড়ে যায়।
এ ঘটনায় অটোচার্জারে থাকা খালিদ মোহাম্মদ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়। তার সঙ্গে থাকা অন্যান্য বন্ধুরাও আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আহতদের পরিবার সূত্রে জানা গেছে, গুরুতর আহত খালিদ মোহাম্মদকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আহসান হাবিব বলেন, ট্রাক্টর চালক পলাতক রয়েছে। ট্রাক্টরটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমইউএ/এসআর