জামালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শ্যামল নামে একজন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের বেলটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার সকালে সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল সাকিব এ তথ্য জানান।
নিহত রাসেল মিয়া (২২) ও দিপু বাবু (২২) সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর জালালেরপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, রাতে কাঁচা মরিচভর্তি একটি ট্রাক জামালপুর থেকে ঢাকা যাচ্ছিল। বেলটিয়া পর্যন্ত পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ট্রাকটি চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন জন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের জামালপুর জেনারেল হাসপাতালে নেন। সে সময় কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় দিপু বাবুও মারা যান। আহত শ্যামলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর পর ট্রাকটি রেখে চালক পালিয়ে গেছেন।
শুক্রবার সকালে সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল সাকিব মুঠোফোনে বলেন, 'নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক।'
এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
জেডজে/এমএ