খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এই আসনে নতুন প্রার্থী করা হয়েছে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। এবারই প্রথম কোনো হিন্দু প্রার্থীকে জামায়াতের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হলো।
গত ১ ডিসেম্বর খুলনায় অনুষ্ঠিত ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ সিদ্ধান্তের ঘোষণা দেন।
এর পর আজ বুধবার বিকেলে স্থানীয় পর্যায়ের নেতাদের বৈঠকে বিষয়টি আলোচিত হয় এবং আমিরের সিদ্ধান্ত বহাল রাখা হয়।
জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
বিষয়টি স্বীকার করে ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী বলেন, “আমাকে জামায়াতের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। ১ ডিসেম্বর আমিরে জামায়াত আমাকে মনোনয়ন দিয়েছেন এবং আজ স্থানীয় বোর্ডে তা চূড়ান্ত হয়েছে। শিগগিরই প্রচারণা শুরু করব।”
আগে ঘোষিত প্রার্থী সম্পর্কে তিনি বলেন, “১ ডিসেম্বর আমিরে জামায়াত আমাদের দুজনকে বুক মিলিয়ে এক করেছেন। তিনি নিজেই আমার জন্য প্রচারণায় নেমেছেন। তাছাড়া জামায়াতের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।”
ওই আসনের আগের প্রার্থী মাওলানা আবু ইউসুফ বলেন, “জামায়াতে ইসলামীর সিদ্ধান্ত অনুযায়ী খুলনা-১ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী কৃষ্ণ নন্দী। তার পক্ষে আমি প্রচারণা শুরু করেছি। আমাকে যেহেতু নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক করা হয়েছে, সেহেতু সিদ্ধান্ত অনুযায়ী আমি যথাসাধ্য কাজ করে যাব, ইনশাআল্লাহ।”
এর আগে গত ৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে খুলনার ছয়টি আসনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়। বাকি পাঁচটি আসনের প্রার্থী অপরিবর্তিত থাকলেও প্রায় ১০ মাস পর শুধু খুলনা-১ আসনে প্রার্থী পরিবর্তন করে হিন্দু প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলো।
এসএস/আরএন