গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে অর্ধেকের বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
শনিবার, ৫ জুলাই, স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে ১২৬ জন, চট্টগ্রামে ২৭ জন, ঢাকার বাইরের এলাকায় (ঢাকা বিভাগ) ২৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩১ জন, দক্ষিণ সিটিতে ৪৮ জন এবং রাজশাহী বিভাগে ৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্যদিকে, একই সময়ে সারা দেশে ৩৩৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ১০ হাজার ৬৭৩ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯৫৪ জনে। আর এ সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪৫ জন।
এসআর