| BREAKING: |

বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনে তিন দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বৃষ্টিতে ভিজেই মহানগরীর তালাইমারী মোড় অবরোধ করে আন্দোলন চালিয়ে যান তারা।
এর আগে সকালে রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসের বিভিন্ন হল ও সড়ক প্রদক্ষিণ করে বেলা সাড়ে ১২টায় তালাইমারী মোড়ে গিয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—
১. নবম গ্রেডে কোনো ধরনের কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া যাবে না; এখানে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে।
২. দশম গ্রেডের নিয়োগ সবার জন্য উন্মুক্ত করতে হবে।
৩. প্রকৌশল ডিগ্রি ছাড়া কেউ ‘প্রকৌশলী’ পদবি ব্যবহার করতে পারবে না।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের তিন দফার প্রথম দাবি হলো—নবম গ্রেডে কোনো কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া যাবে না। এখানে শুধু বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে। ডিপ্লোমাধারীরা যদি নিয়োগ পেতে চান, তবে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে হবে। দশম গ্রেডে নিয়োগ সবার জন্য উন্মুক্ত করতে হবে, যাতে সবাই আবেদন করতে পারেন।’
তারা আরও বলেন, ‘দশম গ্রেডে আমাদের আবেদন করার সুযোগ দেওয়া হয়নি। সেখানে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। এখন অনেকেই বিএসসি ইঞ্জিনিয়ারিং না পড়েও নিজেকে প্রকৌশলী পরিচয় দেন, যা সম্পূর্ণ অযৌক্তিক। প্রকৌশল ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবেন না। ডিপ্লোমাধারীদের টেকনিশিয়ান হিসেবে পরিচিত হতে হবে, প্রকৌশলী নয়।’
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তিন দফা দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
কর্মসূচিতে রুয়েটের বিভিন্ন বিভাগের দুই হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন।
আরএইচ/আরএন